মাঠ পর্যায়ের বাস্তব প্রশিক্ষণ গ্রহণের লক্ষ্যে নেত্রকোনা জেলা পুলিশে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব মায়িশা ফান্নানা। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) তিনি নেত্রকোনা জেলায় তার নতুন এই কর্মযজ্ঞের সূচনা করেন। যোগদানের পরপরই জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম তার নিজ কার্যালয়ে নতুন এই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে জেলা পুলিশের পক্ষ থেকে স্বাগত জানান। এ সময় এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
জানা গেছে, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মায়িশা ফান্নানা ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এরআগে তিনি রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে অত্যন্ত সফলতার সাথে এক বছর মেয়াদী কঠোর মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত করেন। মৌলিক প্রশিক্ষণ শেষে তাকে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা (টিআর) ইউনিটে বদলি করা হয়। পরবর্তীতে পুলিশ প্রবিধান-৭৯০ এর নিয়ম মোতাবেক মাঠ পর্যায়ের কাজের বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য তাকে ছয় মাস মেয়াদী বাস্তব প্রশিক্ষণ গ্রহণের জন্য নেত্রকোনা জেলায় সংযুক্ত করা হয়েছে। আগামী ছয় মাস তিনি জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পুলিশের দাপ্তরিক ও মাঠ পর্যায়ের নানাবিধ কার্যক্রম সম্পর্কে হাতে-কলমে শিক্ষা লাভ করবেন।
নবাগত এই কর্মকর্তাকে স্বাগত জানানোর সময় নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তারা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী সার্কেল) সাহিদুর রহমান, সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) মো. গোলাম মোস্তফা এবং অপর শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ফাইয়াজ সার্জিলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ নবাগত এএসপি মায়িশা ফান্নানার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং নেত্রকোনায় তার প্রশিক্ষণ কালীন সময়ে সব ধরনের পেশাদার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বাস্তব এই প্রশিক্ষণ একজন পুলিশ কর্মকর্তার পেশাগত দক্ষতা, নেতৃত্ব ও মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

