জটিলতা যেন পিছু ছাড়ছেই না সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’-এর। এবার শোনা যাচ্ছে, ছবিটির মুক্তি পেছাতে পারে। বদলাতে পারে নির্ধারিত মুক্তির দিনক্ষণও।
ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, ছবির বেশ কিছু অংশ নতুন করে শুটিং করতে হবে। সেই সঙ্গে প্রোডাকশনের অতিরিক্ত কাজও বাকি রয়েছে। ফলে পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ। এই পরিস্থিতিতে সিনেমাটি এপ্রিলে মুক্তি পাওয়া কঠিন। তাই আপাতত স্বাধীনতা দিবসকে সম্ভাব্য মুক্তির ডেডলাইন হিসেবে ধরে এগোচ্ছে ‘ব্যাটল অফ গালওয়ান’-এর টিম।
যদিও এ বিষয়ে নির্মাতা অপূর্ব লাখিয়া কিংবা সালমানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে খুব শিগগিরই বিষয়টি জানাবেন সালমান। শুরু থেকেই সালমান খানের এই অ্যাকশন-ঘরানার দেশাত্মবোধক ছবি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। কারণ, ছবিটি নির্মিত হয়েছে ২০২০ সালের গালওয়ান ভ্যালিতে ভারত-চীন সংঘাতের প্রেক্ষাপটে। এতে ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বদানকারী কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন সালমান খান।
এই চরিত্রের জন্য কঠোর প্রস্তুতি নিয়েছেন বলিউডের এই ‘ভাইজান’। শুটিংয়ের আগে নিয়মিত অনুশীলনের পাশাপাশি এনেছিলেন দৈনন্দিন খাদ্যাভ্যাসেও পরিবর্তন। গত বছরের ২৭ ডিসেম্বর, নিজের জন্মদিনে ছবিটির টিজার প্রকাশ করেন সালমান খান। কিন্তু টিজার প্রকাশের পর থেকেই বিতর্কের মুখে পড়ে এই সিনেমাটি। বাস্তবে গালওয়ান সংঘাতে ভারতীয় সেনার কাছে চীনা সেনাবাহিনী বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।
এই বাস্তবতা সিনেমার পর্দায় তুলে ধরায় চীনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ‘বিকৃত তথ্যের মাধ্যমে ভারত জাতীয়তাবাদের উস্কানি দিচ্ছে এবং চীনা সামরিক বাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করছে।’ এমনকি চীনা সংবাদমাধ্যমে ছবিটিকে ভারতের জাতীয়তাবাদী প্রচারের ‘অস্ত্র’ বলেও আখ্যা দিয়েছে।
এরই মধ্যে সম্প্রতি ছবির ‘মাতৃভূমি’ গানটি মুক্তি পেয়ে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। আর মাত্র মাস দুয়েক পর বড় পর্দায় সালমান খানকে দেখার আশায় মুখিয়ে ছিলেন অনুরাগীরা। ঠিক সেই সময়েই মুক্তি পেছাতে পারে। এমন খবরে স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েছেন ভক্তরা।
পড়ুন:রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিংকের লিসা
দেখুন:রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিংকের লিসা
ইম/


