সিঙ্গাপুরে পার্লামেন্ট নির্বাচনের ভোট শুরু হয়েছে। শনিবার (৩ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে দেশটির ১ হাজার ২৪০টি ভোটকেন্দ্রের সবগুলোতে একযোগে শুরু হয়েছে ভোটগ্রহণ।
স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সিঙ্গাপুরের ৯৭টি আসনবিশিষ্ট পার্লামেন্টের ৯২টি আসনে নির্বাচন হচ্ছে। ভোটের ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল রোববার।
এবারের নির্বাচনের ফলাফল নির্ধারণে জীবনযাত্রার ব্যয়, আবাসন, চাকরি, স্বাস্থ্যসেবা ও বয়স্ক লোকজনের নিরাপত্তার মতো ইস্যুগুলো মুখ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন দেশটির রাজনীতি বিশ্লেষকরা।
সিঙ্গাপুরের বৃহত্তম রাজনৈতিক দল পিপল’স অ্যাকশন পার্টি (প্যাপ)। ১৯৫৯ সাল থেকে এ পর্যন্ত প্রতিটি নির্বাচনে বিজয়ী হয়েছে দলটি।
১৯৬৫ সাল থেকে এ পর্যন্ত গত ৬০ বছরে মাত্র ৪ জন প্রধানমন্ত্রী পেয়েছে সিঙ্গাপুর। এই প্রধানমন্ত্রীরা সবাই ক্ষমতাসীন দল প্যাপের নেতা ছিলেন। সবচেয়ে বেশিদিন ক্ষমতায় থাকার রেকর্ড সাবেক প্রধানমন্ত্রী লি সেইন লুং এর পিতা লি কুয়ান ইউ-এর। টানা ২৫ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
তার ছেলে লি সেইন লুং প্রায় ২০ বছর দেশটির প্রধানমন্ত্রীর পদে থাকার পর ২০২৪ সালের মে মাসে পদত্যাগ করেন। তারপর থেকে এত দিন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে সরকার পরিচালনা করছিলেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী লরেন্স উওং। তাই এবারের নির্বাচন লরেন্স উওংয়ের জনপ্রিয়তা যাচাইয়েরও একটি পরীক্ষা।
এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ সিঙ্গাপুরের আয়তন ৭৩৫ দশমিক ৭ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ৬০ লাখ ৪০ হাজার। দেশটিতে ভোটারের সংখ্যা ২৭ লাখ ৫০ হাজার। অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই ভোটার।
পড়ুন: আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্তদের চিকিৎসা দিচ্ছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা
দেখুন: সিঙ্গাপুরে অর্থপাচার-বিরোধী অভিযান, ১০ বিদেশি গ্রেপ্তার
এস


