26.7 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সিটিআরএন আহবায়ক জিয়াদ এর উপর হামলার প্রতিবাদে সমাবেশ

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে এখন টিভির ব্যুরো প্রধান ও চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক এর আহবায়ক হোসাইন জিয়াদ, ক্যামেরাপার্সন মোঃ পারভেজ রহমান ও গাড়ি চালক মাহাবুব আলমের উপর হামলার ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে সিটিআরএন। চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক (সিটিআরএন) – এর উদ্যোগে আজ বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। এসময় এই সন্ত্রাসী হামলার ঘটনায় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা ছাড়া কিছুই নয়। এসময় সাংবাদিকরা ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, এর আগেও বেশ কয়েকবার প্রশাসনের পক্ষ থেকে জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনার সময় সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকরা দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। এ ধরনের ঘটনা চলমান থাকলে গণমাধ্যমকর্মীরা পেশাগত দায়িত্ব পালনে বাঁধাগ্রস্ত হবেন, যা মুক্ত সাংবাদিকতা ও গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সবসময় সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কলম ধরেন এবং জনগণের কণ্ঠস্বরকে তুলে ধরেন। অথচ বারবার দেখা যাচ্ছে, জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকরা সন্ত্রাসী ও দুর্বৃত্তদের দ্বারা হামলার শিকার হচ্ছেন। এই ঘটনাগুলো প্রমাণ করে, একটি প্রভাবশালী চক্র সংবাদমাধ্যমকে ভয় দেখিয়ে সত্য প্রকাশ ঠেকাতে চায়।

প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে সংগঠনের সদস্য আরিচ আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক একে আজাদের সঞ্চালনায় চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক মো. শাহনেওয়াজ, ম সামসুল ইসলাম, চৌধুরী ফরিদ, গোলাম মাওলা মুরাদ, শাহনেওয়াজ রিটন, আলমগীর সবুজ, তৌহিদুল ইসলাম, আলিউর রহমান, ফখরুল ইসলাম, হাজেরা শিউলি, এমদাদুল হক, সৈয়দ তাম্মিম মাহমুদ, আকরাম হোসাইন, শফিক আহমদ সাজিব, আবির, কাইয়ুম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

পড়ুন : ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ভোর থেকে তীব্র যানজট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন