সপরিবারে ঈদের সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই খবরের মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি দৃশ্য এখন ‘টক অব দ্য টাউন’। ভিডিওটিতে দেখা যাচ্ছে, স্টার সিনেপ্লেক্স প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান। দেশের শীর্ষ নেতার এভাবে সাধারণ দর্শকদের মাঝে উপস্থিত হওয়ার মুহূর্তটি নেটিজেন ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
জানা গেছে, শুক্রবার (৩ এপ্রিল) সাপ্তাহিক ছুটির দিন সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার শপিং মলে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে যান প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রধানমন্ত্রী সন্ধ্যায় সীমান্ত সম্ভার স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে গিয়েছেন।
ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ দেখতেই তিনি সপরিবারে সেখানে গিয়েছিলেন।
প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রীর সিনেমা দেখা প্রসঙ্গে নির্মাতা তানিম নূর বেশ অভিভূত। তিনি বলেন, “আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যদি তিনি ‘বনলতা এক্সপ্রেস’ দেখে থাকেন এবং এই খবরটি সত্য হয়।”
এদিকে, ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সিনেমা দেখা শেষ করে প্রেক্ষাগৃহ থেকে বের হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান। এ সময় সাংবাদিকেরা প্রশ্ন করেন, ‘সিনেমা কেমন ছিল?’ হাস্যোজ্জ্বল মুখে প্রধানমন্ত্রী উত্তর দেন, ‘ভালো ছিল, দেখতে পারেন সবাই।’ এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার অন্যতম অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এর ফলে ভক্ত ও নেটিজেনরা একরকম ধরেই নিয়েছেন যে, প্রধানমন্ত্রী ‘বনলতা এক্সপ্রেস’-ই দেখেছেন।
তবে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখায় সাধারণ দর্শকরাও বেশ উচ্ছ্বসিত। তাদের মতে, দেশের শীর্ষ নেতার এভাবে সশরীরে টিকিট কেটে সিনেমা দেখা চলচ্চিত্রের জন্য অত্যন্ত ইতিবাচক এবং আশাব্যঞ্জক একটি ঘটনা। এটি চলচ্চিত্র শিল্পকে অনুপ্রাণিত করবে।
এদিকে সামাজিক মাধ্যমে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি দেখার কথা ছড়িয়ে পড়লেও ভিন্ন তথ্য নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। জানা গেছে, বাংলা সিনেমা নয়, বরং হলিউডের সায়েন্স ফিকশন ঘরানার ছবি ‘প্রোজেক্ট হেইল মেরি’ উপভোগ করতেই প্রেক্ষাগৃহে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান।
পড়ুন : ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র দেখতে গেলেন প্রধানমন্ত্রী


