মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে—এমন আশঙ্কায় সিরাজগঞ্জের বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে ভিড় করছেন গাড়িচালকেরা। শনিবার সকাল থেকেই জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে অকটেন, পেট্রল ও ডিজেল নিতে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। এতে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে মোটরসাইকেল চালকদের।
সকালের পর থেকেই শহর ও আশপাশের এলাকার বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে ভিড় বাড়তে থাকে। অনেক চালককে কয়েক ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে।
জ্বালানি নিতে আসা কয়েকজন গ্রাহক জানান, কয়েকটি পাম্প ঘুরেও তারা তেল পাননি। পরে কাজিপুর তেল পাম্পে এসে ৩ থেকে ৪ ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। রমজান মাসে রোজা রেখে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
অনেক গ্রাহকের অভিযোগ, কিছু ফিলিং স্টেশনে দুই লিটারের বেশি জ্বালানি তেল দেওয়া হচ্ছে না।
সুমন নামে এক চাকরিজীবী বলেন, “আমি চাকরি করে সংসার চালাই। প্রায় দুই ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, এখনও তেল পাইনি।”
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে জেলায় জ্বালানি তেলের সংকট আরও বাড়তে পারে।


