১০/০২/২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ধানের শীষের পক্ষে স্মরণকালের বৃহত্তম নারী মিছিল

সিরাজগঞ্জে জেলা মহিলা দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে স্মরণকালের বৃহত্তম নারী মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত এই বিশাল মিছিলে জেলার সদর উপজেলার ছয়টি ইউনিয়ন ও শহরের ১৫টি ওয়ার্ডের হাজারো নারী নেতাকর্মী অংশ নেন। আয়োজকদের দাবি, গত ৫৪ বছরে সিরাজগঞ্জে এত বড় নারী মিছিল আর কখনও অনুষ্ঠিত হয়নি।

জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, তাঁর পুত্রবধূ সাহার নুর আবদাল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। বিকেল থেকে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নারী নেতাকর্মীরা শহরের ইসলামিয়া কলেজ মাঠে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল চলাকালে নারীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। এ সময় তারা “ভোট দিবে কিসে? ধানের শীষে”, “ভোট দিবো কাকে? টুকু ভাইকে”—এমন নানা স্লোগান দেন। নারী কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি জনসাধারণের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করে।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, জামায়াতের আমির ডা. শফিকুল রহমান নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এর প্রতিবাদেই আজ সিরাজগঞ্জের নারীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছে। এই মিছিল নারীদের আত্মসম্মান ও অধিকার রক্ষার প্রতিবাদ। তিনি আরও বলেন, “আগামী ১২ তারিখে এই নারীরাই ব্যালটের মাধ্যমে জামায়াতকে উপযুক্ত জবাব দেবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ। তারা বলেন, এই নারী মিছিল প্রমাণ করে সিরাজগঞ্জে নারীদের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণ আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেড়েছে।

স্থানীয় বড়বাজারের ব্যবসায়ী সুমন, আবুল কালাম ও বেলাল হোসেন বলেন, প্রায় ৩০ বছর ধরে আমরা বাজারে ব্যবসা করছি। জীবনে অনেক মিছিল দেখেছি, কিন্তু এত বড় নারী মিছিল কখনও দেখিনি। পুরো শহর আজ নারীদের স্লোগানে মুখরিত ছিল।

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই মিছিলকে ঘিরে শহরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পড়ুন : রমজান উপলক্ষে জামালপুরে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন