সিরাজগঞ্জ শহরে ভোজ্য তেলের মজুদ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ডিলার প্রতিষ্ঠানের একাধিক গুদামে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অনিয়ম প্রমাণিত হওয়ায় মেসার্স সঞ্জয় অ্যান্ড ব্রাদার্সকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কালীবাড়ি এলাকায় পরিচালিত এই অভিযানে অংশ নেয় জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের সময় প্রতিষ্ঠানটির ঘোষিত গুদামের বাইরে আরও একাধিক গুদামের সন্ধান পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির ১১টি গুদাম শনাক্ত করা হয়, যেখানে বিভিন্ন খাদ্যপণ্য মজুদ করে রাখা হয়েছিল। তবে ডিলার শুরুতে মাত্র দুটি গুদামের কথা স্বীকার করেন, যা তথ্য গোপনের শামিল।
তিনি আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় অবৈধভাবে পণ্য বিপণনের দায়ে ৫০ হাজার টাকা এবং ৪৫ ধারায় প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ বলেন, অভিযানে ১০টিরও বেশি গুদামে বিভিন্ন পণ্য মজুদের প্রমাণ পাওয়া গেছে। সংশ্লিষ্ট ডিলার আইন অনুসরণ করেননি। তবে বাজারে ভোজ্য তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় ভোক্তাদের উদ্দেশে তিনি বলেন, কোথাও তেলের সংকট দেখা দিলে বা কেউ পণ্য না পেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
পড়ুন- সুবর্ণচরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ, পাঁচ লাখ টাকার ক্ষতি
দেখুন- আমাকে তরুণ দেখালেও আমার বয়স হয়েছে, সংসদে রুমিনকে স্বাস্থ্যমন্ত্রী


