সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নারায়ন শালুয়া গ্রামে মসজিদের টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় মুসল্লিরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকারী মসজিদ কমিটির সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনুদানের টাকার হিসাব না দেওয়ার অভিযোগ রয়েছে।
জানা যায়, নারায়ন শালুয়া গ্রামের বাইতুল আমান জামে মসজিদ, মাদ্রাসা সামছুদ্দীন নূরানী হাফিজিয়া কওমি মাদরাসা এবং জান্নাতুল বাকি কেন্দ্রীয় কবরস্থান দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন মসজিদ কমিটির সভাপতি মোঃ মজনু রহমান তালুকদার (ননী)। এলাকাবাসীর দাবি, মসজিদে এসি ক্রয়ের জন্য সংগৃহীত অনুদান, কবরস্থানের রাস্তা নির্মাণের জন্য প্রাপ্ত সরকারি অনুদানসহ বিভিন্ন খাতে সংগৃহীত টাকার হিসাব দীর্ঘদিন ধরে চাওয়া হলেও তিনি কোনো হিসাব দেননি।
এলাকাবাসী জানান, গত শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদের বিষয়ে একটি ঘোষণা দিতে গেলে মোঃ আলম তালুকদারকে সভাপতি মজনু রহমান তালুকদার (ননী) অকথ্য ভাষায় ধমক দেন। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়।
পরবর্তীতে এ ঘটনায় সভাপতি মজনু রহমান তালুকদার (ননী) থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে আলম তালুকদারকে, ২ নম্বর আসামি লতিফ তালুকদার এবং ৩ নম্বর আসামি ফরিদুল শেখকে।
তবে এলাকাবাসীর অভিযোগ, মসজিদ ও কবরস্থানের বিভিন্ন অনুদানের টাকার হিসাব এড়াতেই পরিকল্পিতভাবে এই মিথ্যা মামলা করা হয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পড়ুন- ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধের গোপন কৌশল করছে যুক্তরাষ্ট্র


