26.7 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সিরাজগঞ্জে মুফতি আমীর হামজার বিরুদ্ধে আরাফাত রহমান কোকোকে নিয়ে মানহানি মামলা

কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুফতি আমীর হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার সরকারের আদালতে মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, এক বক্তব্যে মুফতি আমীর হামজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে কোকোর পরিবারসহ বিএনপির নেতাকর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়।

বাদীপক্ষের আইনজীবী হুমায়ুন কবির কর্নেল জানান, দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য রেখেছেন।
মামলা দায়েরের পর আদালত চত্বরে বিএনপির নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, একটি স্বাধীনতাবিরোধী চক্র পরিকল্পিতভাবে জিয়া পরিবারের বিরুদ্ধে কটূক্তিমূলক ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছে।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে মুফতি আমীর হামজা গুরুতর অপরাধ করেছেন। এ ঘটনায় তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সমাবেশে উপস্থিত ছিলেন পিপি রফিক সরকার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, দপ্তর সম্পাদক তানভির আহমেদ পলাশসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিএনপি সমর্থিত আইনজীবীরা।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়ির সামনে পেট্রোল বোমা নিক্ষেপ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন