ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দলের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুর মান্নান সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহকালে বিএনপি নেতারা নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান। এদিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও আফরিন জাহান সকল প্রার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য অনুরোধ জানান।
প্রতিবেদক- ফেরদৌস হোসেন


