মুন্সীগঞ্জের সিরাজদিখানে ককটেল বিস্ফোরণ ও আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামের কুয়েত প্রবাসী মো. আল-আমিনের ডুপ্লেক্স বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। নৌপথে ট্রলারযোগে এসে ১২–১৫ জন মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাত দল এই ঘটনা ঘটায় বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগীরা জানান, কুয়েত থেকে দেশে ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় ডাকাতির কবলে পড়েন মো. আল-আমিন। ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন করে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের আতঙ্কিত করে তোলে তারা।
ডাকাত দলটি আনুমানিক ২৬ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ৫ লাখ টাকা, কুয়েতি মুদ্রা প্রায় ১০০ দিনার এবং দুটি মোবাইল ফোন লুট করে নেয়।
ভুক্তভোগীদের দাবি, লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
আল-আমিনের বাবা আব্দুর রাজ্জাক জানান, ডাকাতদের হাতে দা, চাইনিজ কুড়াল ও আগ্নেয়াস্ত্র (শটগান) ছিল। ডাকাতি শেষে তারা পুনরায় নৌপথে ট্রলারযোগে পালিয়ে যায়। ঘটনার পর বাড়ির সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। ফুটেজে ১০–১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দলকে বাড়িতে প্রবেশ করতে দেখা গেছে।
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আ. হান্নান বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পড়ুন- চলচ্চিত্র ব্যক্তিত্ব আমজাদ হোসেনের প্রয়াণ দিবসে জামালপুরে নানা আয়োজন
দেখুন- মায়ের সঙ্গে অসদাচরণ, ছেলেকে যে শাস্তি দিলেন এলাকাবাসী |


