ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করতে সিলেটে জনসভা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে।
জনসভাকে কেন্দ্র করে আলিয়া মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও এলাকায় অবস্থান নেন দলীয় নেতা-কর্মীরা।
ভোর থেকেই সিলেট ও সুনামগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠটি লোকে লোকারণ্য হয়ে ওঠে। নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ধানের শীষের প্রতিকৃতি এবং তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন দেখা যায়। পুরো এলাকায় ‘ধানের শীষ’ ও ‘তারেক রহমান’ স্লোগানে মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
দলীয় সূত্র জানায়, সকাল ১০টায় জনসভা শুরু হলেও তারেক রহমান বেলা সাড়ে ১১টার দিকে মঞ্চে উঠবেন বলে আশা করা হচ্ছে। এই জনসভার মধ্য দিয়েই দেশব্যাপী বিএনপির নির্বাচনি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হবে। প্রায় দুই দশক পর সিলেটে তারেক রহমানের সফরকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
এই মঞ্চ থেকেই সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন আসনের দলীয় প্রার্থীদের জনগণের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি আসন্ন নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি নেতা-কর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ নেতারা।
জনসভা ও তারেক রহমানের সফরকে কেন্দ্র করে সিলেট নগরীতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা যাচ্ছে। জনসভাস্থল ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
পড়ুন: প্রচারের প্রথম দিনে ঢাকা-১৫ আসনে জামায়াতের গণসংযোগ ও জনসভা
আর/


