চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ ৪ নম্বর ওয়ার্ডের বক্তারপাড়া এলাকায় একটি কারখানার ভেতরে শেড ধসে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার দুপুরে অল ট্রেড ইন্টারন্যাশনাল নামক একটি জিংক অ্যাশ উৎপাদন কারখানায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, কারখানাটিতে এঙ্গেল দিয়ে তৈরি শেড মেরামতের কাজ চলাকালে হঠাৎ পুরো শেড ভেঙে পড়ে শ্রমিকদের ওপর। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়।
নিহতরা হলেন— জহির (২৫), কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার আবু তাহেরের ছেলে এবং ফারুক (৪০), নোয়াখালীর লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মোল্লাবাড়ি গ্রামের নেছার আহমেদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গোডাউনের শেড ধসে পড়ে দুই শ্রমিক নিথর অবস্থায় পড়ে আছেন। ঘটনার পরপরই কারখানার ভেতরে থাকা অন্যান্য শ্রমিকরা আতঙ্কে দ্রুত সরে যান।
স্থানীয় যুবক মো. জাফর বলেন, “হঠাৎ বিকট শব্দ শুনে দৌড়ে এসে দেখি গোডাউনের শেড ভেঙে পড়েছে, দুইজন শ্রমিক মৃত অবস্থায় পড়ে রয়েছে।”
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, পুরাতন একটি টিনশেড ভাঙার সময় শেড ধসে দুই শ্রমিক মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জানা গেছে, চট্টগ্রামের হালিশহরের তুহিন নামের এক ব্যক্তির মালিকানাধীন এ কারখানায় দীর্ঘদিন ধরে জিংক অ্যাশ উৎপাদন করা হচ্ছে।
পড়ুন- দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এমাম-খয়রাত প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত
দেখুন- জামালপুরে তীব্র জ্বালানি সংকট: জনজীবনে স্থবিরতা, চাষাবাদ ব্যাহত


