লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে ফের কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত ২৮ ফেব্রুয়ারি গভীর রাতে বিএসএফ তাদের দেশীয় নাগরিকদের মাধ্যমে শূন্যরেখার তিন থেকে পাঁচ গজের মধ্যে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন শুরু করে। এ কাজটি শনিবার সকাল পর্যন্ত প্রায় ৫০০ গজ এলাকাজুড়ে সম্পন্ন হয়। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে বিএসএফ কাজ বন্ধ করে দেয়। তবে বিএসএফ তাদের শক্তি বৃদ্ধি করে এবং পরবর্তীতে পতাকা বৈঠকের জন্য বিজিবিকে চিঠি পাঠানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বিএসএফের এই কর্মকাণ্ডের পর বিজিবি পতাকা বৈঠক আহ্বান করে। ১ মার্চ বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষ থেকে পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী সাত সদস্যের প্রতিনিধি দল নিয়ে বৈঠকে অংশ নেন। অন্যদিকে বিএসএফের পক্ষ থেকে ভোটবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার জালম সিংয়ের নেতৃত্বে সাত সদস্যের দল উপস্থিত ছিল।
বিজিবির পানবাড়ী ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান জানিয়েছেন, সীমান্তে বিএসএফের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়েছে এবং বিজিবি টহল বৃদ্ধি করেছে। রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম আলদীন বলেন, বিএসএফ দাবি করেছে যে, তারা ভারতীয় গ্রামবাসীদের সহায়তায় এই নির্মাণ কাজ করেছে। তবে বিজিবি তাদের দাবি গ্রহণ করতে অস্বীকৃতি জানায় এবং বিএসএফকে তাদের পূর্বের কমিটমেন্ট অনুসরণ করার জন্য বলেছে।

এদিকে, সীমান্তে বাসিন্দারা জানিয়েছেন,
শুক্রবার গভীর রাতে বিএসএফ কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন শুরু করেছিল এবং কাজের সময় বিএসএফের সদস্যরা কিছুটা উত্তেজিত ছিলেন। বিজিবি সদস্যরা ওই স্থান পৌঁছানোর পর বিএসএফ কাজ বন্ধ করে দেয়। তবে সীমান্তে অবস্থান নিলেও বিএসএফ তাদের বাহিনী শক্তিশালী করেছে।
পরে, পতাকা বৈঠকে বিএসএফ তাদের কর্মকাণ্ডের কারণ হিসেবে জানিয়েছে, তারা স্থানীয় জেলা প্রশাসনের সহায়তায় এই কাজ করেছে। তবে বিএসএফ ও বিজিবির মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হওয়ায় পতাকা বৈঠকের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হয়।
এ ঘটনার পর বিজিবি তাদের নজরদারি অব্যাহত রেখেছে এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিজিবি জানিয়েছে, তারা যে কোনো ধরনের সীমান্ত আইন লঙ্ঘন মেনে নেবে না এবং সীমান্তে যথাযথ নিয়ম-নীতি অনুসরণ করতে বিএসএফকে অনুরোধ জানিয়েছে।
পড়ুনঃ ঝিনাইদহ বিজিবি-বিএসএফ বৈঠক
দেখুনঃ ভারত-পাকিস্তানের যে সীমান্তে কাঁটাতারের বেড়া নেই |
ইম/


