সুনামগঞ্জের সীমান্তবর্তী বিশ্বম্ভরপুর উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেল ধাক্কা দেওয়ার ঘটনায় তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার শক্তিয়ারখলা সড়কের গ্রামীণ টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—তাহিরপুর উপজেলার বুরুঙ্গাছড়া-বড়ছড়া এলাকার আব্দুল গফুরের ছেলে আলী হোসেন (৪৫), কলাগাঁও এলাকার হাছান আলী (৪৬) এবং বিশ্বম্ভরপুর উপজেলার লাকমা গ্রামের মূছা মিয়ার ছেলে সোহাগ (২৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি শক্তিয়ারখলা সড়ক দিয়ে যাওয়ার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিশ্বম্ভরপুর হাসপাতালে পাঠান।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা সড়কে দীর্ঘ সময় যানবাহন দাঁড়িয়ে রাখা এবং পর্যাপ্ত সতর্কতা না থাকায় এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন। প্রশাসনের পক্ষ থেকে সড়কে নিরাপত্তা নিশ্চিত এবং দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
পড়ুন : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে দিনে বালুর ট্রলি, রাতে চোরাচালানের অভিযোগ


