সুনামগঞ্জ জেলা শহরের পৌর বিপণী মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত একুশে টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠ-এর জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুস সালামের কার্যালয়ে সশস্ত্র সন্ত্রাসীদের দুর্ধর্ষ হামলার ঘটনা ঘটেছে। এ সময় ৫ লাখ টাকা চাঁদা দাবি, ব্যাপক ভাঙচুর, লুটপাট ও মোবাইল ফোন ভাঙচুর করা হয়।
ভুক্তভোগী সাংবাদিক আব্দুস সালাম জানান, ছাতক উপজেলার শক্তিয়ারগাঁও গ্রামের ইসলাম উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী দুপুরের দিকে তার অফিসে ঢুকে হামলা চালায়। সম্প্রতি ইসলাম উদ্দিনের বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদের জেরে তিনি ক্ষিপ্ত হয়ে এই হামলা চালান বলে অভিযোগ করেন সাংবাদিক।হামলাকারীরা অফিসে ঢুকেই ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে ভয়াবহ পরিণতির হুমকি দেয়। তারা অফিসের আসবাবপত্র ভাঙচুর করে, উপস্থিত সবাইকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখে এবং সাংবাদিকের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে।
হামলার সময় সন্ত্রাসীরা প্রকাশ্যে হুমকি দেয়—দ্রুত চাঁদা না দিলে পরবর্তীতে আরও বড় ধরনের হামলা ও প্রাণনাশের ঘটনা ঘটানো হবে। এমনকি সাংবাদিককে এলাকা ছাড়ার হুমকিও দেওয়া হয়।
দিনের আলোতে জেলা শহরের ব্যস্ততম এলাকায় একজন সাংবাদিকের অফিসে এমন সন্ত্রাসী হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পড়ুন : শরীয়তপুরে ঢাকা পোস্টের সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা


