সুন্দরবন-এ নিয়মিত টহল চলাকালে ডাকাত সন্দেহে ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় দুষ্কৃতিকারীরা বনের ভেতরে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে বন বিভাগ।
বন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৩টার দিকে সাতক্ষীরা রেঞ্জের একটি বিশেষ টহল দল কোবাদক স্টেশনের কঞ্চি খালের বাইনতলা এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় বনের অভ্যন্তরে সন্দেহভাজন কয়েকজন দুষ্কৃতিকারীর উপস্থিতি টের পায় টহল দল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং তাদের ছত্রভঙ্গ করতে টহল দল ৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে সন্দেহভাজনরা দ্রুত গহীন বনের মধ্যে পালিয়ে যায় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় অস্ত্র ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। পাশাপাশি সুন্দরবনে নিরাপত্তা জোরদারে টহল কার্যক্রম আরও বাড়ানো হয়েছে।
পড়ুন : ২০ হাজার কিলোমিটার খাল খননে বদলাবে গ্রামবাংলা : পানি সম্পদ মন্ত্রী


