নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিষ দিয়ে প্রজেক্টে চাষকৃত প্রায় ৮-১০ প্রজাতির মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় প্রজেক্ট মালিকের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ধানের শীষ গ্রামে এই ঘটনা ঘটে।
প্রজেক্টের মালিক ও ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী ইব্রাহিম ধনু সর্দ্দার অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় নুরনবী, ইউনুস ও ইয়াকুব তিন ভাই সন্ধ্যা ৭টার দিকে পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরেছেন। রাত ১০টার দিকে সব মাছ ভেসে উঠলে এলাবাসীর চিৎকারে ঘটনা জানতে পারি।
তিনি বলেন- তার একমাত্র আয়ের উৎস প্রজেক্টের সব মাছ ধ্বংস হয়েছে। আগেও অভিযুক্তরা তার জমিতে লবণ দিয়ে ধান নষ্ট করেছে। তিনি এই ঘটনার বিচার দাবি করেন।
অভিযুক্ত ইয়াকুব অভিযোগ অস্বীকার করে বলেন, ইব্রাহিম মিয়া তার চাচার জায়গা নিয়ে তাদের বিরুদ্ধে ১১টি মামলা করেছেব। মাছের ঘটনার সাথে তারা যুক্ত নই, তাদের ফাঁসাতে ইব্রাহিম ধনু এই অভিযোগ করেছেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পড়ুন- স্কাউটস দিবস উপলক্ষ্যে নেত্রকোনায় র্যালি ও আলোচনা সভা
দেখুন- গাজীপুরে গৃহবধূকে বেঁধে রেখে টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ


