কুষ্টিয়ায় স্কুল মাঠে খেলার সময় ডাম্প ট্রাকের চাপায় জুনায়েদ জোয়ার্দ্দার (৭) নামে এক ছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার(২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ একই এলাকার লালন জোয়ার্দ্দারের ছেলে। সে স্থানীয় পূর্ব আব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। পুলিশ ডাম্প ট্রাকটি জব্দ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,স্কুল চলাকালীন সময়ে জুনায়েদ মাঠে খেলা করছিল। এ সময় স্কুলের পাশেই বালুবাহী একটি ডাম্প ট্রাক থামানো ছিল। চালক ডাম্প ট্রাকটি ঘুরানোর সময় পেছন দিক থেকে জুনায়েদকে ধাক্বা দেয়। এতে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর ভাষ্যমতে,স্কুল মাঠেই খেলছিল জুনায়েদ। এ সময় ট্রাকটি পেছন দিক থেকে তাকে চাপা দেই। ট্রাকের কোন হেলপার ছিল না।
স্বজনরা জানায়,জুনায়েদের বাবা রাজধানী ঢাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করেন। ডাম্প ট্রাকের চালক নিহতের প্রতিবেশী চাচা। ট্রাক মালিকের মধ্যস্ততায় বিষয়টি নিয়ে দুইপক্ষ মিমাংসার চেষ্টা করছেন।
পূর্ব আব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা: সালমা খাতুন বলেন,স্কুলের পাশেই জুনায়েদের বাড়ি। আজ স্কুলে না এসে সে মাঠে খেলছিল। স্কুল ড্রেস পরিহিত না থাকায় আমরা তাকে খেয়াল করিনি। জুনায়েদের মৃত্যুতে আমরা শোকাহত।
ঘটনাস্থলে থাকা হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাসির উদ্দিন নাগরিক টেলিভিশনকে বলেন,ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিবার থেকে কোন অভিযোগ দেওয়া হয়নি। জানতে পেরেছি মালিকপক্ষ ও নিহতের পরিবার বিষয়টি মিমাংসা করার জন্য বসেছে।
পড়ুন: নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ে তালা, স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে অবস্থান ধর্মঘট
দেখুন: পঞ্চগড়ে ছাত্রীকে যৌ/ন হ/য়/রা/নি/র অভিযোগে শিক্ষককে গ/ণ/ধো/লা/ই |
ইম/


