স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বহু যাত্রী। রোববার (১৮ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। রেলপথে এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। খবর বিবিসি
রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আদিফ জানায়, কর্ডোবা শহরের কাছাকাছি আদামুজ শহরের কাছে মালাগা থেকে মাদ্রিদগামী একটি উচ্চগতির ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের আরেকটি রেললাইনে গিয়ে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হয়। আর এতেই ঘটে হতাহতের ঘটনা।
আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ৭৩ জন গুরুতর আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা এখনও লাইনচ্যুত বগিগুলো থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন।
আদিফের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মালাগা ছেড়ে যাওয়ার প্রায় ১০ মিনিট পর এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের স্বজনদের জন্য মাদ্রিদের আতুচা, সেভিল, কর্ডোবা, মালাগা ও হুয়েলভা স্টেশনে বিশেষ সহায়তা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
পড়ুন: নির্বাচনে এনসিপি অংশ নেবে কি না পুনর্বিবেচনার সময় এসেছে : আসিফ মাহমুদ
আর/


