নাম তার ইউসুফ আলী সোহেল। তিনি একজন কাতার প্রবাসী। একসময় কৈশোর থেকে স্বপ্ন দেখতেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করার। অবশেষে সেই স্বপ্ন পূরণে সিলেট থেকে হেলিকপ্টারযোগে গাইবান্ধার সাদুল্লাপুরে বিয়ে করতে এসেছেন তিনি।
সোমবার (২৩ মার্চ) বিকালে গাইবান্ধার সাদুল্লাপুরের সাবুর চাতালে বর হেলিকপ্টার নিয়ে পৌঁছাছেন। এরপর আধা কিলোমিটার সড়ক মাইক্রোবাসযোগে কনে আবদিয়া আক্তার রুবাইয়ার বাড়িতে যান। এসময় এক নজর হেলিকপ্টার দেখতে শিশু-নারীসহ উৎসুক জনতার ঢল নামে।
বর ইউসুফ আলী সোহেল সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার পাকিচিরি গ্রামের ইসমাইল আলী চমকের ছেলে। তিনি সূদুর কাতারে ব্যবসা করেন।
কনে আবদিয়া আক্তার রুবাইয়া সাদুল্লাপুর উপজেলা জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের নুরে আলম রেজার মেয়ে।
এদিকে, হেলিকপ্টারটি সাবুর চাতালে অবতরণ করতেই মুহূর্তে উৎসুক জনতার ভিড় জমে যায়। আর শিশু, বৃদ্ধ, নারী সবার হাতে মোবাইলে কেউ ভিডিও করছেন, কেউবা সেলফি তুলছেন।
এ সময় হেলিকপ্টার দেখতে আসা একাধিক শিশু বলে, এর আগে বাস্তবে আমরা কখনো হেলিকপ্টার দেখিনি। এই প্রথম আমাদের এলাকায় হেলিকপ্টার দেখে অনেকটাই আনন্দ লাগছে।
বরের পক্ষ থেকে তার ভাই বলেন, ছোটবেলা থেকে আমার ভাই সোহেলের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করবে। আল্লাহর রহমতে সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিল। এই নব দম্পতির জন্য সবার কাছে প্রত্যাশা করছি।
এদিকে কনের পিতা নুরে আলম রেজা বলেন, কাতার প্রবাসী সোহেল মিয়ার সঙ্গে আমার মেয়ের বিয়ে হওয়ায় আমি অনেকটাই গর্বিত। সেইসঙ্গে নতুন মেয়ে জামাই হেলিকপ্টারযোগে আমার বাড়িতে বিয়ে করতে আসায় এলাকাবাসীর মধ্যে এক উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। আমার এই মেয়ে জামাইয়ের জন্য সবাই দোয়া করবেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

