কাজের পারিশ্রমিক সঠিক সময়ে না পাওয়ার আক্ষেপের কথা জানালেন ছোট ও বড় পর্দায় সমান জনপ্রিয় কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুর। ক্ষোভ প্রকাশ করে এ অভিনেত্রী জানান, শোবিজ দুনিয়ায় যত চাকচিক্যই থাকুক না কেন, ঠিক সময়ে পারিশ্রমিক পান না অনেক অভিনয়শিল্পী।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ডলি বলেন, পারিশ্রমিক তো আর হিরো, হিরোইনদের মতো পাই না। মার অভিনয় করে যা পাই সে টাকাও ঠিকমতো পাইনি। ৩৪ লাখ টাকা এখনও ইন্ডাস্ট্রিতে পাওনা আছে।
একটু ক্ষোভ প্রকাশ করেই অভিনেত্রী বলেন, যখন আমার স্বামীর ক্যানসার ধরা পড়ে, আমার পাওনা টাকা পরিচালক, প্রযোজকদের কাছে চেয়েছি। তখন কেঁদে কেঁদে অনেককে বলেছি অন্তত ইন্ডাস্ট্রি থেকে কিছু টাকা তুলে দেন ব্যাংককে ক্যানসারের চিকিৎসাটা করাবো, পাইনি।
অভিনেত্রী আরও বলেন, ছবি রিলিজ হয়ে গেছে, টাকা পাইনি। এক পরিচালকের কাছ থেকে পাওনা টাকা আদায় করতে আরেক পরিচালকের কাছে সাহায্য চেয়েছি। আমি কিন্তু সে পরিচালকের কাছেও টাকা পাই। কিন্তু সে আমার ফোন তো ধরেইনি, যোগাযোগও করেনি।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ইন্ডাস্ট্রি থেকে পাওনা টাকা পাইনি, এক কড়ি পয়সাও সাহায্য পাইনি। কেউ কখনও বলেনি, এমন সমস্যায় অন্তত ১০ হাজার টাকা ডলিকে গিয়ে দেয়ে আসি। ২০১১ সালের পর আমি ইন্ডাস্ট্রিতে আর কাজ করিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অবস্থায় নাট্যব্যক্তিত্ব ম. হামিদের মাধ্যমে ‘নাট্যচক্র’ সংগঠনের সদস্য হন ডলি জহুর। সে সংগঠনের পর অভিনেতা মামুনুর রশীদের বাংলা থিয়েটারে মঞ্চ অভিনয় করেন। এরপর সত্তর দশকে টেলিভিশন অভিনয় জগতে পা রাখেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

