হতাশা আর অভিমান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগী বার্তা দিয়েছেন ছোট ও বড় পর্দার অভিনেত্রী মৌ শিখা। জানিয়েছেন, তিনি মরে গেলে যেন কেউ আফসোস না করেন।
শুক্রবার (২৫ জুলাই) রাতে ফেসবুকে মৌ শিখা তার ‘রওশন আরা বেগম’ নামের ব্যক্তিগত আইডিতে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে নিজের একটি ছবি প্রকাশ করেন তিনি। হিজাব পরা ছবির ক্যাপশনে লেখেন, ‘আমি মৌ শিখা। অনেক বছর থেকে অভিনয় করে আসছি। এতদিন নিজেকে অভিনেত্রী হিসেবেই জানতাম কিন্তু গত আড়াই মাস ধরে নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে।’
মৌ আরও লেখেন, ‘আগে যেখানে মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতাম সেখানে আড়াই মাস যাবত মাসে চার থেকে পাঁচ দিন কাজ করছি। তাহলে কীভাবে মনে হবে আমি অভিনয় শিল্পী? অভিনয় করেই আমার সংসার চলে। তবে আমি জানি বেঁচে থাকতে আমার মূল্যায়ন করা না হলেও আমার মৃত্যুর পর কিছু মানুষ হলেও আমাকে মনে রাখবে। হয়তো বলবে আহারে মহিলা তো কত ভালো ছিল, কত সহজ সরল ছিল, কারো সাতপাচে ছিল না, কারো সামনে পেছনে ছিল না। আহারে মহিলাটার আত্মার শান্তি পাক কিন্তু তাতে কী লাভ হবে আমার।’
অভিমান নিয়ে এ অভিনেত্রী লেখেন, ‘আমার কাজের মূল্যায়ন বেঁচে থাকতেই তো দরকার। বেঁচে থাকতেই দেখে যেতে চাই আমার মূল্যায়ন হচ্ছে। কিন্তু সেটা কি আদৌ দেখে যেতে পারবো, আমি জানি না। তবে আমার অনুরোধ আমি মরে গেলে দয়া করে কেউ আফসোস করবেন না। আমাকে মনে করারও কোন দরকার নেই।’
আফসোস করে এ অভিনয়শিল্পী লেখেন, ‘হঠাৎ করে কেন কাজ কমে গেল, আমাকে ডিরেক্টররা ডাকছেন না কেন, মনে করছেন না কেন তাদের গল্পের চরিত্রের সাথে আমি নিজেকে খাপ খাওয়াতে পারব? আমি তো আমার রেমুনারেশন বাড়াইনি। ২৫ বছর যাবত মিডিয়ায় আছি। এখনো আমার রেমুনারেশনও খুব একটা বেশি না তাহলে?’
সবশেষে মৌ লেখেন, ‘যে কত দিন বাঁচব কাজ করে যেতে চাই। আপনারা ব্যাপারটা দেখবেন। আমার সহকর্মী যারা আছেন তারা আমার ব্যাপারটা দেখে একটু সাহায্য করবেন। একটা শিল্পীর জন্য হঠাৎ করে কাজ কমে যাওয়া কম কিছু না। আপনারা পাশে থেকে আমাকে সাহায্য করবেন, আল্লাহ সহায় আছে।’
অভিনেত্রীর এমন পোস্টে সমবেদনা জানাচ্ছেন ভক্তরা। নেটিজেনরা তার পাশে থাকার আহ্বান জানিয়েছেন। মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দিচ্ছেন শুভাকাঙ্ক্ষীরা।
পড়ুন : বিমান দুর্ঘটনার ছবি দেখে প্যানিক অ্যাটাক পরীমণির, হাসাপাতালে ভর্তি


