ঢাকার পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার তিন শতাধিক আসামির জামিনের আদেশ ১৩ মার্চ নির্ধারণ করেছেন আদালত।
সোমবার (১০ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে তাদের জামিন শুনানির পর এই তারিখ ধার্য করেন আদালত।

এদিন সকাল সাড়ে ৯টার দিকে কড়া পাহারায় আদালতে আনা হয় বিডিআর সদস্যদের৷ এ সময় এখনো জামিন না পাওয়া তিন শতাধিক বিডিআর সদস্যের পরিবারের স্বজনরা কেন্দ্রীয় কারাগারের সামনে অবস্থান করেন। তাদের আদালতে আনা হলে স্বজনরা হাত নেড়ে শুভেচ্ছা জানান।
পিলখানায় তৎকালীন বিডিআর সদরদপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দুটি মামলা করা হয়। এর আগে গত ২৩ জানুয়ারি দীর্ঘ ১৬ বছর পর বিস্ফোরক আইনে জামিন পান ১৬৮ বিডিআর সদস্য৷
বিস্ফোরক আইনের মামলায় ৮৩৪ জন আসামির বিরুদ্ধে বিচারকাজ শুরু হয় ২০১০ সালে। কিন্তু মাঝপথে বিস্ফোরক মামলার কার্যক্রম একপ্রকার স্থগিত রেখে শুধু হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। যে কারণে এ মামলার বিচারকাজ ঝুলে যায়।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন ৫৭ সেনা কর্মকর্তা।
এনএ/


