সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) একটি বড় ধরনের সাফল্য অর্জন করেছে । অদ্য ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ গভীর রাতে পৃথক দুটি বিশেষ অভিযানে অভিনব কায়দায় পাচারকালে প্রায় ৪০ লক্ষ ৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলাধীন ঢাকা সিলেট মহা সড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। রাত আনুমানিক ১টার দিকে সন্দেহজনক একটি ট্রাক আসতে দেখে সংকেত দিলে ট্রাক চালক বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ট্রাকটি রাস্তার পাশে ফেলে গ্রেফতারের ভয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যাক্ত ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ট্রাকটিতে থাকা বালুর নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয় বিপুল পরিমাণ জিরা লুকানো রয়েছে। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া জিরাগুলো জব্দ করা হয়।
এছাড়াও পৃথক আরেকটি বিশেষ অভিযানে একই এলাকায় আজ ভোররাত ৪টার দিকে অন্য আরেকটি ট্রাক আসতে দেখে ট্রাকটি সংকেত দিয়ে থামানো হয়। উক্ত ট্রাকটি তল্লাশী করে অভিনব কায়দায় বালুর নিচে লুকানো অবস্থায় পরিবহনকালে ভারতীয় বিপুল পরিমান জিরা জব্দ করা হয়।
জব্দকৃত ভারতীয় জিরার সিজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ ৫০ হাজার টাকা । অবৈধভাবে আনা এই ভারতীয় জিরাগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবান জানিয়েছে বিজিবি।
পড়ুন: মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ
আর/


