সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযানে ২৪টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় পৃথক দুইটি অভিযানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতছড়ি ও গুইবিল বিওপি’র টহলদল এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফরেস্ট ও গুইবিল এলাকা থেকে গরুগুলো জব্দ করা হয়।
জব্দকৃত গরুগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি ৫৫ ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন


