হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা ও সংঘাতের মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব ভেটো দিয়ে আটকে দিয়েছে দুই পরাশক্তি-রাশিয়া ও চীন। ফলে প্রয়োজনীয় ৯ ভোট পেলেও প্রস্তাবটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত এই ভোটাভুটিতে ১৫ সদস্যের মধ্যে ১১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। অপরদিকে পাকিস্তান ও কলাম্বিয়া ভোটদানে বিরত থাকে। নিয়ম অনুযায়ী, ৯টি ভোট পেলেই প্রস্তাবটি পাস হওয়ার কথা ছিল। খবর আল জাজিরার।
তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রাশিয়া ও চীন তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করে প্রস্তাবটি কার্যত বাতিল করে দেয়। প্রস্তাবটির প্রাথমিক খসড়ায় জাতিসংঘ সনদের অধ্যায় ৭ প্রয়োগের কথা ছিল, যা সদস্য রাষ্ট্রগুলোকে প্রয়োজনে বলপ্রয়োগ করে হরমুজ প্রণালি খুলে দেয়ার অনুমতি দিতে পারত। এই ধারা নিয়ে রাশিয়া ও চীনের তীব্র আপত্তির কারণে দীর্ঘ আলোচনা চলে এবং পরে ভাষা কিছুটা নমনীয় করা হয়।
চূড়ান্ত যে প্রস্তাবটি ভোটে তোলা হয়, সেখানে বলপ্রয়োগের পরিবর্তে হরমুজ প্রণালির বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করতে আগ্রহী দেশগুলোকে ‘প্রতিরক্ষামূলকভাবে সমন্বয়’ করার আহ্বান জানানো হয়। তবে রাশিয়া ও চীন এতে সম্মত হয়নি।
প্রস্তাবটির অন্যতম সমর্থক বাহরাইন আশা করেছিল, সংশোধিত ভাষার কারণে অন্তত রাশিয়া ও চীন ভেটো প্রয়োগে বিরত থাকবে এবং প্রস্তাবটি পাস হবে। কিন্তু শেষ পর্যন্ত তারা সরাসরি ভেটো দেয়।
পর্যবেক্ষকদের মতে, এই ভেটোর মাধ্যমে রাশিয়া ও চীন আবারও স্পষ্টভাবে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে এবং প্রয়োজনে তাদের ভেটো ক্ষমতা ব্যবহার করে তেহরানকে সমর্থন দেবে-এমন বার্তা দিয়েছে। বর্তমানে নিরাপত্তা পরিষদ এই ইস্যুতে স্পষ্টভাবে বিভক্ত হয়ে পড়েছে, যা হরমুজ প্রণালি ঘিরে চলমান আন্তর্জাতিক উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে।
পড়ুন : আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের


