মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পারদ চড়িয়ে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিয়েছে ইরান।
ইউরোপীয় ইউনিয়নের নেভাল মিশন এসপাইডেসের এক কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এখন থেকে এই পথ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। ওমান উপসাগর ও আরব সাগরকে যুক্ত করা এই সরু সামুদ্রিক পথটি বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত সংবেদনশীল, কারণ সৌদি আরব, ইরান, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতের মতো শীর্ষ উৎপাদনকারী দেশগুলো এই রুট ব্যবহার করেই বিশ্ববাজারে তেল রপ্তানি করে থাকে। যদিও ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত নির্দেশ জারি করেনি, তবে মাঠ পর্যায়ে জাহাজ চলাচলে বাধা দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
উল্লেখ্য, ইরান দীর্ঘ সময় ধরেই হুঁশিয়ারি দিয়ে আসছিল যে তাদের ওপর কোনো ধরনের হামলা বা উসকানি আসলে তারা পাল্টা ব্যবস্থা হিসেবে এই কৌশলগত রুটটি বন্ধ করে দেবে। এই পদক্ষেপের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হওয়া এবং দাম আকাশচুম্বী হওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে।
পড়ুন : ইরানের সর্বোচ্চ নেতা কে এই খামেনি, কেন তিনি প্রধান টার্গেট?


