শেরপুরের নকলায় ফাহিম মিয়া (২০) নামে বালু পরিবহনের এক মাহিন্দ্র ড্রামট্রাকের চালক বিদ্যুতায়িত হয়ে মারা গেছে।
৫ জুন বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের উত্তর পাঠাকাটা এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত ফাহিম পার্শ্ববর্তী জামালপুর জেলার লহ্মীরচর ইউনিয়নের বারোমারি গ্রামের মো. রেজাউল করিমের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, চরঅষ্টধর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের নারায়নখোলা ঘাট থেকে কালাম মিয়া নামের এক মাটি ব্যবসায়ীর মাধ্যমে মাহিন্দ্র ড্রামট্রাক দিয়ে বালু এনে পাঠাকাটা গ্রামের ফরিদুল ইসলামের জমি ভরাট করা হচ্ছিল।
এ সময় বালুবাহী ড্রামট্রাকের চালক সুইচ টিপে ড্যাম্পার উঠিয়ে জমিতে বালু ফেলার সময় ড্যাম্পারটি পাশ দিয়ে টানা ১১ হাজার হাই ভোল্টেজ বিদ্যুতের লাইনের তারের সাথে লেগে যায়। এতে পুরো ড্রামট্রাকটি বিদ্যুতায়িত হয় এবং চালক ফাহিম বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা বিদ্যুৎ অফিস এ যোগাযোগ করে লাইন বন্ধ করে তার মরদেহ উদ্ধার করেন। পরে খবর পেয়ে নকলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান আছে।
পড়ুন : শেরপুরে বন্যার অবনতি, প্রাণহানি বেড়ে ৭, উদ্ধারে সেনাবাহিনী


