জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়েছে। বিকেলে তাকে সমাহিত করার পর থেকেই সেখানে মানুষ ভিড় জমাচ্ছেন।
আজ রোববার (২১ ডিসেম্বর) সকাল থেকে একই চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, সকাল থেকে হাদির কবর দেখতে মানুষের ঢল নেমেছে। সমাধিস্থলে প্রবেশ করতে না পারলেও কবরস্থানের গেটের বাইরে দাঁড়িয়েই তাদেরকে হাদির জন্য দোয়া করতে দেখা যায়। কেউ দুহাত তুলে অঝোরে কাঁদতে থাকেন, কেউ আবার নিচুস্বরে কোরআনের আয়াত পাঠ করেন।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে হাদির জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে সমাহিত করা হয়। এ সময় স্বজন ও শুভানুধ্যায়ীরা অশ্রুসজল চোখে তাকে শেষ বিদায় জানান।
শরিফ ওসমান হাদি ২০২৪ সালের ছাত্র-জনতা অভ্যুত্থানের একজন সম্মুখ সারির নেতা ছিলেন। তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠনের মুখপাত্র ও আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
পড়ুন: দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি
আর/


