ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীকে অচিরেই দেশে আনা হবে বলে জানিয়েছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এর আগে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ ২ জনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। অভিযুক্ত ২ জনকেই গ্রেপ্তার করা হয় বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে। গতকাল রোববার (০৮ মার্চ) বিধাননগর আদালতে তাদের হাজির করা হয়। পরে আদালত তাদের ১৪ দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, ওই দুই অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে সীমান্ত অতিক্রমে ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং বনগাঁয় আত্মগোপন করেছিলেন। সুযোগ বুঝে তারা ফের বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।
গ্রেপ্তারকৃত দুই বাংলাদেশি নাগরিক হলেন- রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। ৩৭ বছর বয়সী ফয়সাল করিম মাসুদের বাড়ি পটুয়াখালী এবং ৩৪ বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়।
পড়ুন: ইসরাইল-মার্কিন অবস্থানে হামলার পরিমাণ আরও বাড়ানো হবে: আইআরজিসি
আর/


