ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন রায় ঘোষণা করেন। গত রোববার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন। মামলায় ফয়সাল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে র্যাব-২ ফয়সাল করিমকে আটক করে। তল্লাশির সময় তার কাছ থেকে চার রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
পরদিন আদাবর থানায় র্যাবের হাবিলদার মশিউর রহমান ফয়সাল করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, ফয়সাল করিম এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, খুন-জখম ও জমি দখলসহ সন্ত্রাসী কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন।
তদন্ত শেষে গত বছরের ২৮ মার্চ আদাবর থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার বিচার চলাকালে ১৪ জনের মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
ফয়সাল করিম গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত জামিনে ছিলেন। এরপর ওসমান হাদি হত্যার ঘটনার পর থেকে তিনি প্রকাশ্যে দেখা যায়নি। গত মাসে তিনি ভারতে গ্রেপ্তার হন।
পড়ুন: আবু সাঈদ হত্যা: ৬ আসামিকে আনা হলো ট্রাইব্যুনালে, নিরাপত্তা জোরদার


