১০/০২/২০২৬, ১৬:৩১ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৬:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হাদীর হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে শরীয়তপুরে মশাল মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে শরীয়তপুর জেলা শহরে উত্তাল হয়ে ওঠে রাজপথ। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত মশাল মিছিলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়—দ্রুত বিচার নিশ্চিত না হলে, আরো কঠোর কর্মসূচিতে যাওয়ার প্রস্তুতি নেবে আন্দোলনকারীরা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৭টার দিকে শহরের জুলাই স্মৃতিস্তম্ভ চত্বর থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শরীয়তপুর–ঢাকা সড়কের চৌরঙ্গী মোড়ে গিয়ে পৌঁছায়। সেখানে প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এ সময় ‘খুনিদের গ্রেপ্তার চাই’, ‘হাদী হত্যার বিচার চাই’সহ নানা প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টি শরীয়তপুর জেলা কমিটির সদস্য সচিব সবুজ তালুকদার এক বক্তব্যে বলেন, ‘শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি ভিন্নমত দমন ও রাজনৈতিক কণ্ঠরোধের ধারাবাহিকতার অংশ। দিনে দুপুরে গুলি করে হত্যার পরও খুনিরা কীভাবে পালিয়ে গেল—এ প্রশ্নের উত্তর আজও মেলেনি। এক সপ্তাহ পার হয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেপ্তার করতে পারেনি।” তিনি অবিলম্বে সুষ্ঠু তদন্ত, প্রকৃত খুনিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি আরো বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা না হলে এ ধরনের হত্যাকাণ্ড বারবার ঘটবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে। বিচার না পেলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আমিন মোহাম্মদ জিতু বলেন, ওসমান হাদী ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের নেতা ও একজন সাহসী প্রতিবাদী কণ্ঠ। তাকে গুলি করে হত্যা করা হয়েছে—এটি শুধু একজন ব্যক্তির মৃত্যু নয়, এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

তিনি দাবি করেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মাস্টারমাইন্ডদেরও চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে ছাত্রসমাজ আবারও রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

বিক্ষোভ কর্মসূচিতে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। তারা দ্রুত বিচার নিশ্চিত করে দেশে নিরাপদ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

বিজ্ঞাপন

পড়ুন : শরীয়তপুরে চিরনিদ্রায় শায়িত মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন