সিলেট-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের মনোনয়নপত্রে তথ্য গোপনের অভিযোগ দিয়েছে সিলেট মহানগর বিএনপি। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলমের কাছে লিখিত অভিযোগ দিয়ে দলটি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
অভিযোগটি করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, প্রার্থীর দাখিল করা হলফনামায় উল্লেখ আছে যে তিনি কোনো কোম্পানির পরিচালক বা শেয়ারহোল্ডার নন এবং কোনো ঋণ বা দায়ের সঙ্গে যুক্ত নন। তবে জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের নথি অনুযায়ী তিনি ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক এবং আল হারামাহ মেডিকেল সার্ভিসেস লিমিটেডের শেয়ারহোল্ডার, দাবি করেন তিনি।
অভিযোগপত্রে আরও বলা হয়, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ২৪ কোটি ১ লাখ ২৭ হাজার ৪৪৮ টাকা ঋণ নিয়েছে, যা এখনো বকেয়া রয়েছে বলে বিএনপি নেতারা দাবি করেন। তাদের ভাষ্য, প্রার্থী হলফনামায় এ তথ্য উল্লেখ না করে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন।
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া ফৌজদারি আইনে দণ্ডনীয় অপরাধের মধ্যে পড়ে এবং এতে ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভ্রান্ত হতে পারেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, তিনি রিটার্নিং অফিসারের কাছে বিষয়টি তদন্ত করে মনোনয়নপত্র বাতিল ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।
পড়ুন- ইতিহাসের সেরা ফলের পথে জামায়াত, জয়ের আশা বিএনপির: রয়টার্স


