ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও প্রায় ৮০ ফিলিস্তিনি। এছাড়া গাজায় অবস্থিত জাতিসংঘের একটি ক্লিনিকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারী ও শিশুসহ ২২ জন নিহত হয়েছেন।
এ নিয়ে গাজায় মোট নিহতের সংখ্যা ৫০ হাজার ৪০০ ছাড়িয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, বুধবার ভোর থেকে হওয়া হামলায় গাজায় কমপক্ষে ৭৭ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর আল জাজিরাকে জানানোর পর রাতভর গাজায় ইসরায়েলি হামলায় আরও বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরে ইউএনআরডব্লিউএ-এর একটি চিকিৎসা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় ইসরায়েলের নিন্দা করা হয়েছে।
পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, বুধবার উত্তর গাজায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত একটি স্বাস্থ্য ক্লিনিকে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২২ জন ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতদের মধ্যে নারী, শিশু এবং বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন এবং এই হামলাকে পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ বলেও অভিহিত করেছে তারা।
এনএ/


