জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর খোঁজ খবর নিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। পাশাপাশি উপহারও পাঠিয়েছেন তিনি।
শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর খোঁজ নেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানার পৈতৃক বাড়ি জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামে।
হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে এই কথা জানান, আমাদের সাথে একটা মনোমালিন্য হয়েছে রুমিন ফারহানার। তিনি অনেকদিন ধরে রাজনীতি করছেন। আমরা উনার এলাকায় আসছি শুনে উনি উনার লোকজন পাঠিয়েছে আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা খবর নিয়েছেন। আমাদের জন্য তিনি কিছু উপহারও পাঠিয়েছেন। এটি রাজনীতির জন্য একটি পজিটিভ বার্তা। এটাকে অবশ্য আমাদের স্বাগত জানানো উচিৎ।
হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা ২৪ পরবর্তী বাংলাদেশে কোন সহিংসতার দিকে ফিরে যেতে চাই না। আমাদের মধ্যে ভিন্নমত থাকবে, ভিন্নমত হচ্ছে গণতন্ত্রের শক্তি। অন্যদিকে সহিংসতা হচ্ছে গণতন্ত্রের শত্রু। কেউ আমাদের আক্রোশ মূলক কথা বলে আমরা গণতান্ত্রিক ভাবে তার জবাব দিব। কেউ যদি আমাদের ইতিবাচক বার্তা দেয় আমাদের অবশ্যই গ্রহণ করা উচিৎ।
বৈঠকে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস. এম. সাইফ মোস্তাফিজ ও ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ এবং বিজয়নগর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে বিজয়নগর উপজেলার তিন ইউনিয়নকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নেওয়ায় নির্বাচন কমিশনের খসড়া প্রস্তাবে শুনানিতে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহর উপর হামলা চালায় রুমিন ফারহানার সমর্থকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক সম্বোধন করেন। এর প্রেক্ষিতে রুমিন ফারহানা হাসনাত আব্দুল্লাহকে নিয়ে ফেসবুকে কটুক্তি করেন।
পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে ইয়াবাসহ দুই যুবক আটক
এস/


