হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য শিগগিরই খালেদা জিয়াকে যুক্তরাজ্যে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আজ বুধবার (২১ আগস্ট) রাতে গুলশানের বাসভবনে পৌঁছান তিনি। এ সময় নেতাকর্মীরা হাসপাতালের সামনে ভিড় করেন।
এর আগে, গত ৭ জুলাই দিনগত রাতে অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসা নেন।
৭৯ বছর বয়সি খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদ্রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে কারাগারে যান খালেদা জিয়া। পরে করোনার সময় ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে তাকে মুক্তি দেওয়া হয়। তবে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান খালেদা জিয়া।
বঙ্গভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীপ্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।


