পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি জিরো পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মিষ্টি বিনিময় ও শুভেচ্ছা আদান-প্রদান অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।
আজ শনিবার সকাল ১১টায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর পক্ষ থেকে প্রতিবেশী ভারতের ৭৯ বিএসএফ ব্যাটালিয়নকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়।
বিজিবি’র পক্ষে উপস্থিত ছিলেন হিলি চেকপোস্ট (সিপি) ক্যাম্প কমান্ডার নায়েক সুবাদার মো. আলাউদ্দিন এবং বিএসএফ-এর পক্ষে উপস্থিত ছিলেন ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার রোহিত শর্মা।
মিষ্টি বিনিময়কালে উভয় বাহিনীর কমান্ডাররা একে অপরের সাথে কুশলাদি বিনিময় করেন। বিজিবি ও বিএসএফ কর্তৃপক্ষের মতে, এই ধরনের সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠান দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতিকে আরও বেগবান করবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগের ফলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত ও সুদৃঢ় হবে।
পড়ুন- জামায়াত আমিরের প্রশ্ন—ভোট হালাল হলে গণভোট হারাম হবে কেন?
দেখুন- পবিত্র ঈদুল ফিতরের সালাত আদায় শেষে যা বললেন জামায়াত আমির


