সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কৃষককে স্বাবলম্বী করা ও অর্থনৈতিকভাবে স্বচ্ছল করা কৃষিকার্ডের প্রধান লক্ষ্য। আগামী ১৪ এপ্রিল থেকে কৃষকদের মাঝে কৃষিকার্ড বিতরণ কর্মসূচি শুরু হবে।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৩টায় কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফ্যামিলি কার্ডের মতো আস্তে আস্তে প্রতিটা উপজেলায় এটা ছড়িয়ে দেওয়া হবে বলেও জানান সমাজকল্যাণ মন্ত্রী।
তিনি বলেন, ‘পাট এক সময় আমাদের গর্ব ছিল। কিন্তু সেই পাট যেকোনো ভাবেই হোক অবহেলা বা আমাদের সঠিক সিদ্ধান্ত না থাকার কারণে পাট চাষ দুর্বল হয়েছে। কাজেই আমরা পাটের যে হারানো গৌরব সেটা ফেরত আনতে চাই। সেজন্য কৃষকদের আরও বেশি উৎসাহিত করছি পাট চাষে। পাট যত বেশি উৎপাদিত হবে, সেটা আমাদের দেশের জিডিপিতে ও পরিবেশে একটা মারাত্মক পজিটিভ ভূমিকা রাখবে।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে ৮শ’ জন কৃষককে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার ও ২০ জন কৃষককে ১ কেজি করে পাট বীজ ও ৫ কেজি করে এমওপি ও ৫ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়। এসময় সেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় বি এন পি নেতারা উপস্থিত ছিলেন।


