হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৪৯৫টি উপজেলায় ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।
রোববার জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের অষ্টম দিনে নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফীর এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী মো. আব্দুল বারী।
খাদ্যমন্ত্রী বলেন, ২০২৫–২৬ অর্থবছরে এ কর্মসূচির জন্য ১০ লাখ টন চালের বাজেট বরাদ্দ রাখা হয়েছে।
তিনি আরও জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের মধ্যেও চাল বিতরণ করা হচ্ছে। বর্তমানে ৬৭ লাখ ৬৬ হাজার ৬৬৭টি পরিবারের মধ্যে প্রতি মাসে ৩০ টাকা কেজি দরে মোট ৩৩ হাজার ৮৩৩ টন চাল সরবরাহ করা হচ্ছে।
সংসদে তিনি বলেন, বছরে ছয় মাস—আগস্ট থেকে নভেম্বর এবং মার্চ ও এপ্রিল—এই চাল বিতরণ করা হয়।
মন্ত্রী আরও জানান, ২০২৫–২৬ অর্থবছরে বরাদ্দকৃত ১০ লাখ টন চালের মধ্যে এ পর্যন্ত ৭ দশমিক ৯৩ লাখ টন বিতরণ করা হয়েছে, যা মোট বরাদ্দের ৭৯ দশমিক ২৫ শতাংশ।
পড়ুন: হরমুজ প্রণালিতে ইরানের যে কৌশলে বদলে যাবে বৈশ্বিক নৌ চলাচল ব্যবস্থা
আর/


