“সরকার গঠনের ২১ দিনের মধ্যেই প্রতিশ্রুতি বাস্তবায়ন মানে যে“-ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা পৌঁছে দিয়ে বিএনপি একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।” এমন নজির বাংলাদেশের ইতিহাসে আর কেউ স্থাপন করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি, সংসদ সদস্য খায়রুল কবির খোকন। নরসিংদী জেলা ছাত্রদলের আয়োজনে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে সদর উপজেলায় নরসিংদী পৌরশহরের সাটিরপাড়া কে.কে ইন্সটিটিউশন প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমপি খায়রুল কবির খোকন আরও বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মনজুর এলাহী, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার প্রমূখ। এতে সম্মানিত অতিথি হিসেবে ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ জেলা/উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের এই প্রতিকূল পরিস্থিতিতেও জাতীয়তাবাদী শক্তি সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে রাজপথে ও জনপদে সক্রিয় রয়েছে। আজকের এ আয়োজন নরসিংদীর ছাত্রদলকে মানুষের কাছে আরও সুপরিচিত করেছে।
আলোচনা সভা শেষে স্থানীয় কয়েক শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।
পড়ুন : http://নোয়াখালীতে সেনাবাহিনীর তৎপরতা জোরদার, স্বস্তিতে ঘরমুখো মানুষ


