ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৭৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত একদিনে নতুন করে আরও ৯৬৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকার দুই সিটি করপোরেশনে একজন করে মোট দুইজন মারা গেছেন। অন্যদিকে এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (২৩৯ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৯০ জন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৫ জন, বরিশাল বিভাগে ১১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮, রাজশাহী বিভাগে ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ৫১ জন, খুলনা বিভাগে ৫০ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৭৫ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১৩৪ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৪০ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, খুলনা বিভাগে ৮ জন, ঢাকা বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গুতে মারা গেছেন।
পড়ুন : ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৩


