শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪৮ জনের মৃত্যু হয়েছে।
এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৪৯২ জন রোগী। এসব রোগীর মধ্যে সর্বোচ্চ ১৫৪ জন বরিশাল বিভাগে।
সোমবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৯ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৩ জন, খুলনা বিভাগে ৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৬১ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে একজন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে গত একদিনে সারাদেশে ৪১১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১১ হাজার ৪০৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১২ হাজার ৭৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
পড়ুন : দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি, বিশেষজ্ঞদের সতর্কতা


