২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত ‘বর্বরোচিত হত্যাকাণ্ডের’ প্রতিবাদ এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে ৪টায় জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার উদ্যোগে শহরের দড়াটানা ভৈরব চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি কলঙ্কিত দিন।” তারা অভিযোগ করেন, “সেদিন ঢাকার পল্টনসহ সারা দেশে ইতিহাসের সবচেয়ে ন্যক্কারজনক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছিল আওয়ামী লীগ।”
বক্তারা আরও বলেন, “এ ঘটনায় মামলা হলেও হত্যাকারীদের আজও বিচার করা হয়নি। ওই ঘটনার সাথে জড়িতদের বিচার হলে আওয়ামী লীগ আজ ফ্যাসিস্ট হতে পারতো না।” তারা অনতিবিলম্বে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান।
সমাবেশ শেষে দড়াটানা ভৈরব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক চিত্রামোড়, চৌরাস্তা ও আরএন রোড হয়ে মনিহার চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় সমাবেশে আরও উপস্থিত ছিলেন যশোর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ভিপি আব্দুল কাদের, জেলা সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, রেজাউল করিম, মনিরুল ইসলাম, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন আহমেদ, জেলা শিক্ষা বিষয়ক সেক্রেটারি সাবেক চেয়ারম্যান আবুল হাসিম রেজাসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
পড়ুন : ২৮ অক্টোবরের খুনিদের বিচার নিশ্চিত করতে হবে: মাহফুজুর রহমান


