আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রস্তুতি জোরেশোরে শুরু হয়েছে। গেল মাসে বিসিবির নতুন পরিচালনা পর্ষদ নির্বাচনের পর বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে বিপিএলের দায়িত্ব দেওয়া হয়েছে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ইফতেখার রহমান মিঠু।
চলতি আসরসহ পরবর্তী তিন মৌসুমের বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজি। এবারের আসরে ৬ দল অংশ নেবে বলে প্রায় নিশ্চিত হয়েছে।
তবে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স থাকছে না এবারের বিপিএলে। নতুন করে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির নাম হতে পারে ‘রাজশাহী স্টার’। পাশাপাশি সিলেট, চট্টগ্রাম, ঢাকা ও বরিশালের দলগুলোর মালিকানাতেও পরিবর্তন আসছে।
গুঞ্জন ছিল, এবারের আসরে রাজশাহীকেও নতুন ভেন্যু হিসেবে যুক্ত করা হতে পারে। তবে মাঠ প্রস্তুতির কাজ শেষ না হওয়ায় শেষ পর্যন্ত আগের মতো তিন ভেন্যুতেই (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট) অনুষ্ঠিত হবে এবারের বিপিএল।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, এবারের বিপিএলের বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার বাইরের দুই ভেন্যুতে। প্রথম দিকের কিছু ম্যাচ ও টুর্নামেন্টের শেষ পর্ব অনুষ্ঠিত হবে মিরপুরে, উইকেটের অবস্থা বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পড়ুন: প্রোটিয়াদের ফাইনাল হারের পর যে কারণে তোপের মুখে ভিলিয়ার্সরা
আর/


