আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। গতকাল বুধবার নেত্রকোণা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়ার মাধ্যমে নির্বাচনের চূড়ান্ত লড়াই শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে এলাকায় প্রচার-প্রচারণা শুরু করেছেন।
এ আসনে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা হলেন- ব্যারিস্টার কায়সার কামাল: ‘ধানের শীষ’ প্রতীক (বিএনপি), আনোয়ার হোসেন খান: ‘লাঙল’ প্রতীক (জাতীয় পার্টি), আব্দুল মান্নান: ‘হাতপাখা’ প্রতীক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আলকাছ উদ্দিন মীর: ‘কাস্তে’ প্রতীক (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি), গোলাম রব্বানী: ‘রিক্সা’ প্রতীক (বাংলাদেশ খেলাফত মজলিস) এবং বেলাল হোসেন: ‘তারা’ প্রতীক (জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি)।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ১৮২ জন। এ আসন ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত।
এরমধ্যে কলমাকান্দা উপজেলায় মোট ভোটার ২ লাখ ৪৪ হাজার ১৮৫ জন। পুরুষ ভোটার ১,২৫,০২৬ জন, নারী ভোটার ১,১৯,১৫৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৩ জন।
দুর্গাপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ১১ হাজার ৯৯৭ জনের মধ্যে পুরুষ ভোটার ১,০৬,৭২৫ জন, নারী ভোটার ১,০৫,২৭১ জন এবং ১ জন রয়েছেন হিজড়া ভোটার।
আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে দুর্গাপুর ও কলমাকান্দার সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। ভোটাররা আশা করছেন, একটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
পড়ুন : নেত্রকোনা-৩ আসন: স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা ও মাইক ভাঙচুর, আহত ১


