লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কে ৪ লেন প্রকল্প বাস্তবায়নে টালবাহানা ও টেন্ডারের নামে দুর্নীতির অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ড. রেজাউল করিম।
বুধবার (২০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
তিনি বলেন, সড়ক ও জনপথ বিভাগ এই প্রকল্প বাস্তবায়নের নামে অজুহাত দিয়ে যাচ্ছে। টেন্ডারের নামে চলছে পায়তারা। দুর্নীতির ফাঁদে আটকে আছে উন্নয়ন। যারা এসব অনিয়মে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে প্রকল্প বাস্তবায়ন ব্যাহত করা হচ্ছে।
দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ সড়ক উন্নয়নের দাবিতে এক হতে হবে। অন্যথায় জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি জানান, এ সড়কের অবস্থা এতটাই নাজুক যে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, মানুষ পড়ছে দুর্ভোগে। অথচ সরকারের নিরবতা জনমনে ক্ষোভ বাড়াচ্ছে। গত তিন বছরে ৪০টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৫৯ জন।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশানসহ নেতৃবৃন্দ।
এদিকে লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের নবাগত নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, লক্ষ্মীপুর-চৌমুহনী প্রায় ২০ কিলোমিটার সড়কে ৪ লেন প্রকল্পের কাজ ইঞ্জিনিয়ারিং প্রসেসিংয়ে রয়েছে। দুটি প্যাকেজে মোট ১৩টি শিডিউল জমা পড়েছে। ফাইন্যান্সিয়াল প্রসেস শেষ হলেই দ্রুত কাজ শুরু করা হবে বলে তিনি জানান।
পড়ুন: নওগাঁয় ভাতিজাকে কালো জাদু করায় চাচাকে কুপিয়ে হত্যা
এস/


