বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটককৃত পাঁচ বাংলাদেশী নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নিকট হস্তান্তর করেছে। সোমবার (২৫ আগস্ট) বিকেল ৪টা ৪০ মিনিটে সীমান্ত মেইন পিলার ২১২৫-এর নিকটস্থ “গীলাবাড়ী” এলাকায় এ প্রক্রিয়া সম্পন্ন হয়।
বিষয়টি রাত পৌনে নয়টার দিকে নিশ্চিত করেছেন বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
তিনি জানান, আটককৃত বাংলাদেশীরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে স্থানীয় পুলিশ ও বিএসএফের হাতে আটক হয়। পরবর্তীতে যৌথ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়।
আটককৃতরা হলেন, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার রগুনাথপুর গ্রামের আবু জাফরের ছেলে মো. রাফি (২৫), চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের মৃত হেদায়েত উল্লার ছেলে মো. আবুল বাশার (৫৫), ফেনী জেলার পরশুরাম উপজেলার নিজকালিকাপুর গ্রামের দেলোয়ার হোসেন দিলুর ছেলে এমদাদ হোসেন (২৭), ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দূর্গাপুর সিংহনগর গ্রামের মৃত ফয়েজ আহাম্মদের ছেলে মো. গিয়াস উদ্দিন (৪০) ও একই জেলার পরশুরাম উপজেলার গুথুমা গ্রামের খায়েজ আহাম্মদ ভূঁঞার ছেলে সাইদুজ্জামান ভূঁঞা (২৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা জীবিকার সন্ধানে সীমান্ত অতিক্রম করেছিল। তবে ভারতে অবস্থানকালে পুলিশ ও বিএসএফের হাতে ধরা পড়ে। তাদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ না থাকায় বিএসএফ কর্তৃপক্ষ বিজিবির কাছে ফেরত দেওয়ার উদ্যোগ নেয়।
পরে পুলিশ প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রত্যেকের নাগরিকত্ব ও ঠিকানা যাচাই করা হয়। যাচাই শেষে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
পরবর্তীতে আটক পাঁচজনকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে বিজিবি।
পড়ুন:কুমিল্লায় মর্মান্তিক দুর্ঘটনাঃ হানিফ পরিবহনের সেই বাসটি জব্দ।


