এসএসসি পরীক্ষার ফলাফলের পুনঃনিরীক্ষণের মাধ্যমে কুমিল্লা শিক্ষাবোর্ডে ৮৪৪ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তিত হয়েছে। এতে ১৯০ জন শিক্ষার্থী ফেল থেকে উত্তীর্ণ হয়েছেন এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়ে ৬৭ জন হয়েছে। এছাড়া, আগে জিপিএ-৫ পাওয়া ৯১ জন শিক্ষার্থীর বিষয়ভিত্তিক গ্রেডেও পরিবর্তন এসেছে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকে ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা হয়। মোট ৩৫ হাজার ৫৩১ জন শিক্ষার্থী অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন করেন এবং প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি প্রদান করেন।
এ বছর কুমিল্লা বোর্ডে মোট ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়, যেখানে পাসের হার ছিল ৬৩.৬০ শতাংশ। পুনঃনিরীক্ষণের ফলাফলে এই হার বেড়েছে। প্রথমবারের মতো ৯ হাজার ৯০২ জন জিপিএ-৫ পেয়েছিলেন, যা পুনঃনিরীক্ষণের মাধ্যমে আরও ৬৭ জন বৃদ্ধি পেয়েছে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, “পুনঃনিরীক্ষণের মাধ্যমে অনেক শিক্ষার্থীর ফলাফল উন্নত হয়েছে, যা তাদের আগামী শিক্ষাজীবনে সহায়ক হবে।”
ছবিঃ কুমিল্লা শিক্ষা বোর্ড।
পড়ুন: বটির কোপে ব্যাংক কর্মকর্তা স্বামীকে জখম করলেন শিক্ষিকা
দেখুন: সগিরা মোর্শেদ হ*ত্যা: ২ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস
ইম/


